মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের প্রচেষ্টায় ১২০ কেজি ক্ষতিকারক জেলিযুক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর মৎস্য আড়তে জব্দকৃত চিংড়ি মাছগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, সোমবার রাতে বারইয়ারহাট পৌর মৎস্য আড়তের আলমগীরের মায়ের দোয়া ফিস সেন্টার ও জানে আলমের একতা ফিস সেন্টার থেকে ১২০ কেজি ক্ষতিকারক জেলিযুক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের পরামর্শে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় জব্দকৃত ১২০ কেজি গলদা চিংড়ি বারইয়ারহাট মৎস্য আড়তে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত চিংড়ির বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
উল্লেখ্য, ইতিপূর্বে ২০২১ সালের ২৬ এপ্রিল উত্তর চট্টগ্রামের সবচে বড় মাছের আড়ত বারইয়ারহাটে রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ কেজি রং মিশ্রিত রিকশা মাছ ও জেলিযুক্ত ১২ কেজি চিংড়ি মাছ জব্দ করেন মেয়র রেজাউল করিম খোকন। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের ৩০ এপ্রিল মেয়র রেজাউল করিম খোকনের প্রচেষ্টায় ১৫৬ কেজি ক্ষতিকারক জেলিযুক্ত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘দীর্ঘদিন যাবত বারইয়ারহাট মৎস্য আড়তে ক্ষতিকর রং মিশ্রিত বিভিন্ন প্রকারের মাছ ও জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগ শুনে আসছি। মৎস্য আড়তে যারা এসব কর্মকান্ডে জড়িত রয়েছে তাদের সতর্ক করি যাতে এমন কর্মকান্ড না করে। এরপর থেকে মৎস্য আড়তে নজরদারি বাড়িয়ে দিই, তারই প্রেক্ষিতে ৪ টি কার্টুনে ১২০ কেজি গলদা চিংড়ি জব্দ করি। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে মাছগুলো পুড়িয়ে ধ্বংস করে দিই।’








