রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওয়াজেদ আলী (১৭) ও শাহ আলম (১৭) নামে ২ কিশোর নিহত হয়েছে। এ সময় হাসান (১৮) নামে আরও ১ জন গুরুতর আহত হন। ১১ জুন রবিবার গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুতে (মহিপুর) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী এবং একই এলাকার আছির আলীর ছেলে শাহ আলম। অপর বন্ধু হাসানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা কাকিনা রুদ্রেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা দিয়েছে। চায়ের দোকানদার নজরুল ইসলাম বলেন, কিশোরগণ মোটরসাইকেল চালিয়ে কাকিনা থেকে মহিপুরের দিকে আসছিল। মোরটসাইকেল চালক প্রথমে অপরদিক থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাককে অতিক্রম করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একই সিরিয়ালে আসা ঘাতক ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলী ও শাহ আলমকে মৃত্যু ঘোষণা করেন।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল আটক করে থানায় নিয়া আসা হয়েছে।








