পুলিশ সপ্তাহ-২০২৩ এর পঞ্চম দিন রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের একাধিক দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। এরমধ্যে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকসহ পুলিশ বাহিনীতে সচিব পদমর্যাদার ১০টি গ্রেড-১ পদ দাবি করেছেন তারা।
এছাড়া আইজিপির র্যাংক ব্যাচ ফোর স্টার করা, পুলিশ হাসপাতালকে মেডিকেল কলেজ করা, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অব পুলিশ অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস নামে পুলিশের জন্য একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
সভা সূত্রে জানা গেছে, রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে রাত ৮টার দিকে মতবিনিময় সভা শুরু হয়। সভাটি রাত পৌনে ১১টা পর্যন্ত চলে। সভায় দেশের সব মহানগর পুলিশের কমিশনার ও রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সারাদেশের পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের বিভিন্ন দাবি তুলে ধরেন। একজন কর্মকর্তা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদকে চার তারকা জেনারেলের (সেনাপ্রধান) পদের সমান করার প্রস্তাব করেন। আরেকজন কর্মকর্তা বলেন, আইজিপি সিনিয়র সচিব পদমর্যাদার, তাকে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাচিবিক ক্ষমতা দেওয়া হোক। একজন কর্মকর্তা পুলিশ অধিদফতরকে পুলিশ সদর দফতর করার দাবি তোলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের দাবি ও সমস্যাগুলো শোনেন। কিছু দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সভায় উপস্থিত সিনিয়র সচিব আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট সচিবকে নির্দেশনা দেন তিনি। আর কিছু বিষয় সমাধানের আশ্বাস দেন। এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও স্বরাষ্ট্রসচিব আমিনুল ইসলাম পুলিশের কাজের প্রশংসা করে বক্তব্য দেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধু এই রাজারবাগ মাঠে বলেছিলেন, তোমরা জনগণের পুলিশ হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ আপনারা যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। আজ পুলিশ জনগণের সবচেয়ে বড় ভরসাস্থল ও আস্থায় পরিণত হয়েছে।
তিনি বলেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও জলদস্যু দমনে সাফল্য অর্জন করেছেন। বান্দরবানে বড় ধরনের জঙ্গি আস্তানায় সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে সফল হয়েছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা সেই জায়গা থেকেই কাজ করছেন। যেকোনো বিপর্যয়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। করোনাভাইরাস মহামারির সময়ে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করেছেন। এমনকি আক্রান্ত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পুলিশ দায়িত্ব পালনে কখনো পিছপা হয়নি। আগের পুলিশ আর এই পুলিশ এক নয়। পুলিশ খেলাধুলাসহ সবকিছুতে এগিয়ে যাচ্ছে।








