জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মানহানিকর ও মিথ্যা মন্তব্যের ঘটনায় ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান মুফতি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ডাকযোগে নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাওয়ার ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি আদালতে ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, মুফতি আমির হামজা নিজেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করে ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দিয়েছেন যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষয়টি প্রতিবাদ করে বিজ্ঞপ্তি দিয়লেও মুফতি আমির হামজা কোনরূপ প্রতিক্রিয়া জানাননি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, অভিভাবক ও সমগ্র বিশ্ববিদ্যালয় কমিউনিটির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে।







