শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজার ছুটিও পড়বে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘আসন্ন শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনরূপ পরীক্ষার দিন ধার্য্য না করার জন্য ইউজিসি ও মাউশিকে নির্দেশ দেওয়া হলো।’
মহাষষ্ঠী থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। কলেজগুলোও ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি পালন করবে এবং ১২ অক্টোবর ক্লাস শুরু হবে।
পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে পাঁচ দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
এবার দুর্গাপূজা আয়োজন হবে ৩৩,৫৭৬টি মণ্ডপে। ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা উদযাপনের পরিকল্পনা রয়েছে। প্রতিমা শিল্পীরা এখন রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন।






