ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম বিকাল ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত হবে। সকালভাগে একই ক্যাম্পাসগুলোতে রাজধানীর সরকারি সাত কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫ এর খসড়া প্রকাশ করে। প্রকাশিত খসড়ার প্রতি সাত দিনের মধ্যে মতামত জমা দেওয়ার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান গণমাধ্যমে বলেন, ‘সাতটি কলেজের ক্যম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস দুপুর ১২টার মধ্যে শেষ হবে। এরপর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কার্যক্রম চলবে।’
অধ্যাদেশের খসড়ায় উল্লেখ করা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য ব্যবহার করা হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, আধুনিক পঠন-পাঠন সম্প্রসারণ এবং সরকারি সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। সংসদ অধিবেশনে না থাকায় মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করেছেন।
সাতটি সরকারি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অধিভুক্তি করা হয়। এরপর শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা পরিচালনায় নানা অসন্তোষ তৈরি হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার কলেজগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে, এবং নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু করে।








