নোয়াখালী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, পিআরের নামে জামায়াতসহ কয়েকটি দল ড. মুহাম্মদ ইউনুসের ঘোষিত নির্বাচনের রোডম্যাপকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রবিবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ছমির মুন্সির হাট বাজার এবং বিকেলে নবীপুর ইউপির চন্দেহাট বাজারে বিএনপি ৩১ দফার লিফলেট বিতরণের পর অনুষ্ঠিত পৃথক সভায় তিনি এসব মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর পর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে দূরে, তখন দেশের মধ্যে নতুন ফ্যাসিস্ট জন্মানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন, এখন সেই নেতারা ভারতের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকায় মিছিল করছে।
তিনি বলেন, জনগণ পিআর প্রক্রিয়া বোঝে না। মানুষ ড. মুহাম্মদ ইউনুসের ঘোষিত নির্বাচনে ভোট দেবেন। পিআর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া হবে না; ভোট দেওয়া হবে ধানের শীষ, দাড়ি পাল্লা ও নাঙ্গল মার্কায়।
ফারুক আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে পিআরের কোনো নিয়ম নেই। জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছিলেন। দেশের নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, এখন নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সংসদে গিয়ে পিআর ব্যবস্থা চালু করুন।’
তিনি আরও উল্লেখ করেন, ১৬ বছর ধরে লন্ডন থেকে তারেক রহমান যে দলটিকে টিকিয়ে রেখেছেন এবং দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন, সেই সময় জামায়াতসহ কিছু দল পিআরের নামে শঙ্কা সৃষ্টি করছে।
জয়নুল আবদিন ফারুক ড. মুহাম্মদ ইউনুসের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে সতর্ক করেন। তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, মিলিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নিন।
লিফলেট বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আলম মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







