ভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যুর পর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি মধ্য প্রদেশ ও রাজস্থানে শিশুদের মৃত্যুর এই ঘটনা সামনে আসার পর কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়।
শুক্রবার (৩ অক্টোবর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) সব রাজ্যের জন্য এক জরুরি পরামর্শ জারি করে জানিয়েছে, শিশুদের জন্য কাশির সিরাপ ‘বিচক্ষণভাবে প্রেসক্রাইব ও বিতরণ’ করতে হবে।
পরামর্শে বলা হয়েছে, শিশুদের বেশিরভাগ আকস্মিক কাশি স্বাভাবিকভাবে সেরে যায় এবং সাধারণত ওষুধ ছাড়াই ভালো হয়। তাই অপ্রয়োজনে কাশির সিরাপ ব্যবহারের ঝুঁকি এড়িয়ে চলতে হবে।
ডিজিএইচএস আরও সতর্ক করেছে, দুই বছরের নিচের শিশুদের জন্য কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব বা বিতরণ করা একেবারেই অনুচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং ঘরের বাতাস আর্দ্র রাখাসহ অ-ঔষধি পদ্ধতিকে কাশি ও সর্দির প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর জটিলতায় মধ্য প্রদেশে নয়জন এবং রাজস্থানে তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট সিরাপের বিক্রয় স্থগিত করেছে এবং মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। সূত্র: শিনহুয়া, ইউএনবি






