জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই দেশে আর কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।’
জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা ও অভ্যুত্থনে যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের কিছু উপদেষ্টা জুলাইয়ের শক্তি সঞ্চয়ের মতো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল, তাই তাদের উচিত সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। উপদেষ্টারা যেন অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত না হন।’
সারজিস আলম আরও বলেন, ‘উপদেষ্টাদের চরিত্রের শেষটা আমরা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে পদত্যাগের চিন্তা করছেন, কিন্তু তারা যেন চুপিচুপি দায়মুক্ত হয়ে চলে না যান। নির্বাচনের মধ্য দিয়ে চলে যাওয়া কোনো সম্মানের বিষয় নয়।’
তিনি অভিযোগ করেন, উপদেষ্টাদের আচরণের কারণে বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব।’
সারজিস আলম আরও বলেন, ‘বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে আগের মতোই ছাত্র-জনতা রাজপথে অবস্থান নেবে।’
এর আগে তিনি রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন এবং সাড়ে ৫টায় মহানগর কমিটির সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।
সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।






