মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুই ভাইয়ের বসতঘর। রবিবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তালবাড়িয়া এলাকার অর্জুন কুমার দাশের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আসবাবপত্র, ফ্রিজ, জায়গা-জমির কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো অর্জুন কুমার দাশ ও উত্তম কুমার দাশ। তারা সম্পর্কে আপন ভাই।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. আজাদ বলেন, ‘মিরসরাই ফায়ার স্টেশনের অফিসে একাধিক ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৯৯৯ ফোন দিয়ে ফায়ার স্টেশনকে বিষয়টি অবহিত করা হয়। অগ্নিকান্ডে দুই ভাই অর্জুন কুমার দাশ ও উত্তম কুমার দাশের এক বছর আগে নির্মাণ করা বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরিধানের কাপড়ছোপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি তারা। পরিবার দুইটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।’
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’








