ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর গুলশান-১ নম্বর মোড় অবরোধ করে থাকা ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ঢাকার উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার গুলশান শপিং কমপ্লেক্সে গিয়ে ভবনটি সিলগালা করে দেন।
এর প্রতিবাদে ওই মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা গুলশান-১ নম্বর মোড় সিমেন্টের ব্লক দিয়ে বন্ধ করে দিলে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে।
তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।
উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, মার্কেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা এ বিষয়টিতে কর্ণপাত করেনি। আজ সিলগালা করে দেওয়া হয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান বলেন, অল্প কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিলেন। তবে বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।







