ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৪ আগস্ট শুক্রবার সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে দলটি।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে জামায়াতের আইনজীবী এডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে একটি আবেদন জমা দেয়। এ সময় ডিএমপি সদরদপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার পহেলা আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি।
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাবেশ করিনি। তাই আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।
তিনি আরও বলেন, আজ কর্ম ব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে বিকেল আড়াইটার দিকে সমাবেশ করতে চায় জামায়াত। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।
এ দিকে জামায়াতের আবেদনটি ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ শিমুল মোস্তফা গ্রহণ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধি দলকে জানানো হয়।






