মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত কয়েক দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশিসহ নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি করা হচ্ছে। সতর্ক রয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সময় সময় জোরদার থাকে। আমরা এ বিষয়ে কনসার্ন আছি।
গত শনিবার (১২ আগস্ট) থেকে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। ডিএমপির এলাকাধীন সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।








