সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা-এর প্রধান গুপ্তছড়া ও দেলোয়ার খাঁ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে রড, টিন ও ভারী লোহাজাতীয় মালামাল পরিবহন করছে ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যান। নিরাপত্তাবিহীন এসব যানবাহনের কারণে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ব্যাটারিচালিত ভ্যানগুলোতে দীর্ঘ রড বহনের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে ভ্যানের সামনের চাকা থেকে প্রায় ১০ থেকে ১৫ ফুট সামনে রড বের হয়ে থাকছে। আঁকাবাঁকা সড়ক ও বিভিন্ন মোড়ে এ ধরনের যানবাহন চলাচলের সময় বড় যানবাহন, মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, ফেরিযোগে বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী বড় ট্রাকগুলো সড়কে চলাচলের সময় এসব অবৈধ ও নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে মারাত্মক সমস্যার মুখে পড়ছে। বিশেষ করে গুপ্তছড়া ও দেলোয়ার খাঁ সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।
এদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সচেতন মহল বলছে, ভারী রড ও লোহাজাতীয় মালামাল পরিবহনের জন্য উপযুক্ত ট্রাক ব্যবহার করা উচিত। ব্যাটারিচালিত ভ্যান ও ভটভটিতে এ ধরনের মালামাল পরিবহন সম্পূর্ণ অনিরাপদ।
স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহন চললেও ট্রাফিক পুলিশের কোনো কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। একই সঙ্গে থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, টাউনের রড ও টিন ব্যবসায়ীদের উচিত ব্যাটারিচালিত ভ্যান ও ভটভটিতে ঝুঁকিপূর্ণভাবে মালামাল পরিবহন বন্ধ করে নিরাপদ যানবাহন ব্যবহার নিশ্চিত করা। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।







